দেশের জনগণ বিনামূল্যে ভ্যাকসিন পাবে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বিনা মূল্যে করোনার ভ্যাকসিন দেশের জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য বাংলাদেশের হাসপাতাল গুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভাগীয় যে সকল জেলা হাসপাতাল গুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালগুলোতে ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো হয়েছে, হাইফ্লো অক্সিজেন মেশিনেরও সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা আশা করি সরকারের যে প্রস্তুতি রয়েছে, জনগণের যে সচেতনতা আছে এবং মাঠ পর্যায়ে আমাদের প্রশাসন যেভাবে কাজ করছে, আমাদের সকল লেবেলের সরকারি বেসরকারি হাসপাতাল গুলোর যে প্রস্তুতি রয়েছে তা দিয়ে প্রথম ঢেউয়ের মত দ্বিতীয় ঢেউটি মোকাবিলা করতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, শুধু স্বাস্থ্য খাত নয়, যে কোন অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। যে সমস্ত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গুলো অনিয়ম করেছে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর