ছাত্র ইউনিয়নের নতুন কমিটি: ফয়েজ সভাপতি, দীপক সম্পাদক

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ফয়েজ উল্লাহ। সংগঠনটির সাধারণ সম্পাদক হয়েছেন দীপক শীল। আজ (রোববার) বিকালে রাজধানীর মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্র ইউনিয়নের বিদায়ী সভাপতি মেহেদী হাসান নোবেল।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র ইউনিয়নের ৪০তম সন্মেলনের আয়োজন করা হয়। সন্মেলনের উদ্বোধন করেন আন্দোলনরত পাটকল ও চা শ্রমিকেরা। তাদের এবারের শ্লোগান ছিল ‘আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস’।

কমিটিতে নতুন সভাপতি হিসাবে পদ পাওয়া ফয়েজ উল্লাহ এর আগে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের ছাত্র। আর দীপক শীল এর আগে ঢাকা মহানগর সংসদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী।

৪১ সদস্য বিশিষ্ট ছাত্র ইউনিয়নের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থি সুমাইয়া সেট। এর আগে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর