ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে অজ্ঞাত এক পুরুষের বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বাঁশতলা খেয়াঘাট নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আলফাডাঙ্গা উপজেলার বাঁশতলা খেয়াঘাট এলাকার মধুমতি নদীতে ওই পুরুষের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। মৃত ব্যক্তির পরনে কালো লুঙ্গি ও হলুদ ফুল হাতা গেঞ্জি রয়েছে। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি