ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বড়ভাগ হাজী আফিজ উদ্দীন আলেকজান কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করে আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদ। খেলায় টিটা ফুটবল একাদশ বনাম বাঁকাইল ফুটবল একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের নির্ধারিত সময়সীমা শেষ হলে ২-০ গোলে এগিয়ে থেকে টিটা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলোয়ারদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা থানা ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ, হাজী আফিজ উদ্দীন আলেকজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমীন, কলেজ প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান সিহাব হোসেন (পথিক), টগরবন্ধ ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা মো. কুদ্দুস শেখ ও পৃষ্ঠপোষকতায় ছিলেন, আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদের আহবায়ক মো. আলমগীর হোসেন। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন, সাইদুর রহমান ও বাইতুল হাসান।
আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদের আহবায়ক মো. আলমগীর হোসেন জানান, ‘ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের পিতার স্মৃতি রক্ষার্থে ‘আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদ’ গঠন করে এলাকার তরুণদেরকে বিভিন্ন খেলাধূলার মাধ্যমে উজ্জীবিত রাখার চেষ্টা করা হয়। বর্তমান তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত সুষ্ঠ করে গড়ে তোলার জন্য খেলাধুলার বিক্ল্প নেই।
তাই শুধু ফুটবল না, ক্রিকেট থেকে শুরু করে আমরা সবধরনের খেলার আয়োজন করব ইনশাআল্লাহ্। তাই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদের পক্ষে থেকে যারা আমাদের এই বর্নাঢ্য আয়োজনের পাশে ছিলেন তাদেরকে। আশাকরি ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন।’
বার্তাবাজার/অমি