আমরা আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করেছি, নির্বাচন করেছি। আমাদের ঘনিষ্ঠতা রয়েছে, তাই বলে আমরা আওয়ামী লীগ হয়ে যাইনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
আজ শনিবার (২১ নভেম্বর) রাজধানীর কাকরাইল ডেপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পর্টির ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, আমাদের একটি স্বতন্ত্র রাজনীতি রয়েছে। জনগণ যদি মনে করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এক তাহলে এটা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কারও জন্য সুখবর নয়। আমরা চাই আমাদের বক্তব্যে আমরা আমাদের রাজনীতি জনগণের কাছে তুলে ধরব।
জাপার চেয়ারম্যান শিক্ষাঙ্গন বন্ধ প্রসঙ্গে বলেন, যেখানে সব ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজার খোলা সেখানে শিক্ষাঙ্গন বন্ধ রাখার কোনো যুক্তি দেখছি না। করোনা ভাইরাস আবারও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সরকার এজন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে আমরা জানি না। মফস্বলের অবস্থা আরও ভয়াবহ। বেশির হাসপাতালে আইসিইউ নেই। সাধারণ মানুষের প্রাইভেটে চিকিৎসা করার ক্ষমতা নেই। যে কারণে জেলা শহরগুলোতে করোনার কারণে ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আজ দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নেই বললেই চলে। বড় তিনটি দল ছাড়া অন্য রাজনৈতিক দল দৃশ্যমান নয়। এটি ভালো লক্ষণ নয়। রাজনৈতিক দল যত বেশি থাকবে জবাবদিহিতা তত নিশ্চিত হয়। আজ আইন করেও অপরাধ ঠেকানো যাচ্ছে না। এর কারণ দেশে সুশাসনের অভাব।
বার্তাবাজার/অমি