নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে সংযোগ সড়ক বিহীন ব্রিজ!

ঢাকার সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিয়াবাড়ি খাসেরটেক এলাকায় সরকারী খরচে একটি ব্রিজ নির্মান করা হয়েছে।

তবে বানানোর পর সংযোগ সড়ক না বানানোর কারণে ব্রিজটি কেবলমাত্র দৃশ্যমান অবয়ব দেখানো ছাড়া সংলগ্ন গ্রামবাসীর আর কোনো কাজে লাগছে না গত প্রায় এক বছর ধরে।

শনিবার (২১ নভেম্বর) সরেজমিন পাথালিয়ার ৮নং ওয়ার্ডের দিয়াবাড়ি এলাকায় গেলে এমনটি জানালেন ব্রিজ সংলগ্ন বসবাসকারী বাসিন্দা আয়নামতি।

ছবি: বার্তা বাজার।

এই প্রতিবেদককে তিনি আরও বলেন, প্রায় এক বছর আগে আমাদের চলাচলের সুবিধার কারণে সরকার এই ব্রিজটি বানিয়ে দিয়েছে, এজন্য সরকারকে অনেক ধন্যবাদ। কিন্তু রাস্তা ছাড়া শুধু ব্রিজ বানায়ে আমাদের তো কোন লাভ হয় নাই। এজন্য তিনি তাদের দূর্ভোগ লাঘবের জন্য অতি দ্রুত সংযোগ সড়কটিও নির্মাণের আবেদন করেন।

সরেজমিন আরও দেখা যায়, এই এলাকার অনেকগুলো পরিবার এই পথ দিয়ে চলাচল করেন। তাদের নিত্যপ্রয়োজনীয় মালামাল বাজার থেকে কিনে বাড়ি ফিরতে হয় এই পথ ধরেই। ফলে পায়ে হেঁটে অনেক কষ্ট করে মালামাল বহন করতে হয়। যদি সংযোগ সড়কটি থাকতো তবে রিক্সা কিংবা অন্যান্য বাহনে করে তারা চলাফেরা করতে পারতেন।

এব্যাপারে, স্থানীয় আরও কয়েকজন জানান, গত বছর এই ব্রিজটি নির্মাণের পরে পানি চলে আসার কারণে রাস্তার কাজটি শেষ করা সম্ভব হয়নি। এখন শুষ্ক মৌসুমে হয়তো রাস্তার কাজ শুরু করবে কর্তৃপক্ষ।

তবে এব্যাপারে জানতে সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিকের মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ না করায় এব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

বার্তাবাজার/মামুন/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর