পুত্র সন্তান না হওয়ায় ২৬ দিনের কন্যাকে হত্যা করলো বাবা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছেলে সন্তানের আশায় মেয়ে সন্তান হওয়ায় ক্ষোভে কোল থেকে আছড়ে ফেলে ২৬ দিনের মেয়েকে হত্যা করল ঘাতক পিতা। আজ শনিবার ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও দক্ষিণপাড়া এলাকায় এ নির্মম ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শিশুর মা খাদিজা আক্তার দক্ষিণপাড়াগাঁও এলাকার হারুনুর রশিদের মেয়ে। দুই বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী মাছিমপুর হাউলিপাড়া এলাকার মৃত বাবুলের ছেলে কামালের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে কামাল হোসন পরিবার নিয়ে পাড়াগাঁও শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। এরপর স্ত্রী খাদিজা গর্ভবতী হলে কামাল হোসেন ছেলে সন্তানের আশা করে। এদিকে ২৬ দিন পূর্বে মীম নামে একটি কন্যাসন্তানের জন্ম দেয় খাদিজা আক্তার। এরপর থেকেই খাদিজার সাথে অশোভন আচরণ করতে শুরু করে কামাল। এমনকি ১০ দিন পূর্বে শিশু মীমকে মেরে ফেলাতে পাষণ্ড পিতা চেষ্টা চালায়।

এদিকে শনিবার ভোরে হঠাৎ শিশুকন্যা মীম কান্না শুরু করলে ক্ষিপ্ত হয়ে কোলে তুলে ঘরের ভিতর মাটিতে আছড়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে শিশু মীম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, শিশুটিকে হত্যাকারী ঘাতক পিতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/কে.জে.পি/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর