দেশে গণতন্ত্র নাই, হাসিনা মানেই সংবিধান: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র নাই, আছে হাসিনার শাসনতন্ত্র। হাসিনা মানেই সংবিধান।

আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘উনার দুটি কথা সবকিছুতে- আমি আর সবকিছু আমার। আমার বা আমার বাদ। গণতন্ত্রে কিন্তু কখনো আমার শব্দটি গ্রহণযোগ্য নয়। গণতন্ত্র মানে আমরা, গণতন্ত্র মানে আমাদের, গণতন্ত্র মানে বহুজন, গণতন্ত্র মানে বহুমত। গণতন্ত্র মানে একজনে মত নয়, গণতন্ত্র মানে একজন নয়।

তিনি বলেন, এই স্বৈরতান্ত্রিক মানসিকতার শাসনে দেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই আপনাদেরকে উদ্যমী হয়ে রাজপথ দখল করতে হবে। স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরো বলেন, ‘আজকে কোর্ট-কাচারি-উচ্চ আদালত থেকে শুরু করে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এক ব্যক্তির নিয়ন্ত্রণে, এক ব্যক্তির কথায় চলে। এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা, এটা স্বৈরতন্ত্রকেও ছাড়িয়ে গেছে।’

রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় নেতা তবিবুর রহমান সাগর প্রমুখ বক্তব্য দেন।

বার্তাবাজার/এসজে/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর