পঞ্চগড়ে চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবারহসহ আখের মুল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলসহ ১৫টি চিনিকল চালু রাখার ঘোষণাসহ তারিখ নির্ধারণ এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষীদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে পঞ্চগড়ে ফটক সভা করেছে পঞ্চগড় সুগার মিলের শ্রমিক ও আখচাষীরা।
শনিবার দুপুরে পঞ্চগড় সুগার মিল চত্বরে পঞ্চগড় আখচাষী ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ফটক সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আখচাষী ফেডারেশনের সভাপতি ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম, চিনিকল কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আব্দুল আজিজ, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
এ সময় বক্তারা জানান, পঞ্চগড়ের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান চিনিকল। এই সময়ে পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই শুরু হয়ে থাকে। কিন্তু এ বছর এখনো আখ মাড়াইয়ের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। মিলটি বন্ধ করার চেষ্টা চলছে। তাই অবিলম্বে শুধু পঞ্চগড় নয় দেশের ১৫ টি সুগার মিল বন্ধ না করে আধুনিকায়ন করার দাবি তোলেন তারা।
একই সাথে মিলটির কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও আখচাষীদের আখের বকেয়া মূল্য পরিশোধ করার দাবি জানান তারা। দাবি না মানা হলে রাজপথে যাওয়ারও হুশিয়ারি দেন তারা।
বার্তাবাজার/রায়হান/অমি