বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসানের ওপর হামলার প্রতিবাদে জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ আছে। জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির ডাক দিয়েছে। তবে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
আহত ইউপি চেয়ারম্যানকে বরিশালের শের–ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় ইউপি চেয়ারম্যান ইমাম হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে বরগুনা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর দুই পা ও ডান হাত কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ধারালো অস্ত্রের কোপে হাড় কেটে ঝুলে আছে তাঁর বাঁ পা। ইউপি চেয়ারম্যানের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে এবং আসছে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।
জেলা যুবলীগ ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসানের ওপর হামলার প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করবেন বলে জানালেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বার্তাবাজার/এএস