সিরাজগঞ্জে আটক জঙ্গিদের দুজন আওয়ামী পরিবারের সন্তান

সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি সন্দেহে আত্মসমর্পন করাদের মাঝে দু’জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের উভয়ের বাড়িই পাবনার সাথিঁয়া উপজেলায়।

একজন হলেন, উপজেলার নন্দনপুর ইউনিয়নের দাড়ামুদা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে কিরণ ওরফে হামিম ওরফে শামীম ও অপরজন আবু তালেবের ছেলে নাইমুল ইসলাম।

তাদের বিষয়ে নন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন শুক্রবার রাত ৮টার দিকে জানান, পুলিশের কাছ থেকে ওই দু’জনের নাম ও ঠিকানা তিনি জেনেছেন। তারা দুজনই আওয়ামী পরিবারের সদস্য।

সাথিঁয়ার খোয়াজউদ্দিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল মো. সিরাজউদ্দৌলা জানান, নাইমুল ও কিরণ দু’জনই তার প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও ওই দু’জনের বসবাস একই গ্রামে। তাদের দু’জনের মধ্যে এখন নাইমুল জোড়গাছা ডিগ্রি কলেজে বিএ ক্লাসে এবং কিরণ একই কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ছে।

তিনি আরও জানান, দুজনেই এলাকায় ধার্মিক ও বিনয়ী ছেলে হিসেবে পরিচিত এবং দু’জনেই দরিদ্র পরিবারের সন্তান। এর মধ্যে নাইমুলের বাবা ঘোড়ার গাড়ি চালিয়ে যা ভাড়া পান তা দিয়ে সংসার চালান। অন্যদিকে কিরণের মা দরজির কাজ করেন এবং বাবা ছোট একটি দোকান চালান।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘ওই দুজন সম্পর্কে আমরা খোঁজ নিয়েছি। তাদের নামে থানায় কোনো মামলা নেই।’ সুত্র-বাংলাদেশ জার্নাল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর