বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহি বাসে থাকা ড্রামের মধ্য থেকে বোরকা পরিহিত অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল মাদারীপুর সীমান্তের ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাতে বরিশালের আন্তঃরুটে যাতায়াতকারী আরসি পরিবহনের একটি বাস বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি নগরীর গড়িয়ারপার এলাকায় আসলে এক ব্যক্তি একটি ড্রাম ওই বাসে তুলে দেয়। ওই সময় সেই ব্যক্তি বাসের হেলপারকে বলে তার লোকজন ভুরঘাটা থেকে ড্রামটি নামিয়ে নেবে।
কিন্তু বাসটি ভুরঘাটা পৌছানোর অনেক সময় পার হয়ে গেলেও কেউ ড্রাম নিতে আসেনি। এক পর্যায়ে বাসের সব যাত্রী নেমে গেলে বাসের হেলপার উপায় না পেয়ে নিজেই ড্রামটি বাস থেকে নিচে নামায়। পরে স্থানীয়দের সহায়তায় ড্রামটি খুলে এক নারীর লাশ দেখতে পায়।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, ওই নারী বোরকা পরিহিত ছিল। তার বয়স আনুমানিক ৩০ বছর। শনিবার ময়নাতদন্তের জন্য লাশ শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক।
বার্তাবাজার/এজে