বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আগে কখনও গুমের সংস্কৃতি ছিল না। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় এসে এই সংস্কৃতি চালু করেছে। আজ (শুক্রবার) নিজ বাসা থেকে এক ভার্চুয়াল সংবাদ সন্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, গুমের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে এক ত্রাসের সৃষ্টি হয়েছে। আমাদের ইলিয়াস আলী গুম হয়েছেন ২০১২ সালে। আর ফিরেননি। ঢাকা সিটির জনপ্রিয় কমিশনার চৌধুরী আলম, লাকসামের এমপি পারভেজ, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলের ছেলেরা গুম হয়েছে। অন্তত ৫০০ জনকে গুম করা হয়েছে তারা কেউ ফিরে আসেনি আজও।
তিনি আরও বলেন, গুম নিয়ে বহির্বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হয়েছে। ১০ জন মার্কিন সিনেটর চিঠি দিয়েছেন, বাংলাদেশে প্রায় ৪০০ ব্যক্তিকে বিনাবিচারে হত্যা করা হয়েছে। যেটা কল্পনাতীত, গণতান্ত্রিক সভ্য দেশে কেউ চিন্তাও করতে পারে না।
তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যক্তি যদি নিখোঁজ হয় তার দায়িত্ব হবে সম্পূর্ণ সরকারের। ১৯৭২ সালের সংবিধানে আমাদের যে গণতন্ত্রের ন্যূনতম অধিকার দিয়েছে সে বিষয়গুলো আমাদের নেতাকর্মী; যাঁরা ভিন্নমত পোষণ করেন তাঁদের জন্য একেবারে অনুপস্থিত হয়ে গেল?’
বার্তাবাজার/এসজে