বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলে নির্বাচনের দিন এজেন্টকে বের করে দেয়া হয়েছে। কোথায় এজেন্ট বের করে দেওয়া হয়েছে, পারলে প্রমাণ দিন।
আজ (শুক্রবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্য রিপোর্টারস অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগের দিন পর্যন্ত হৈচৈ করে। কিন্তু নির্বাচনের দিন এজেন্টকে বের করে দেয়া হয়েছে বলে নির্বাচন বর্জন করে বসে। দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন রয়েছে। বিএনপিকে জেতানো যেন নির্বাচন কমিশনের দায়িত্ব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলা ‘সরকার জনগণের মনের ভাষা বোঝে না’ মন্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি জনগণের ভাষা বুঝতে পারা তো দূরের কথা, তাদের কর্মীদের মনের কথাই বোঝে না। জননেত্রী শেখ হাসিনা জনগণের মনের ভাষা চোখের ভাষা বুঝতে পারেন বলেই এত জনপ্রিয়।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। হামলা নির্যাতন করে বহু হিন্দুকে করেছেন দেশ ছাড়া। দেশবাসী কিন্তু দুঃসহ দিনের কথা ভুলে নাই।
বার্তাবাজার/এসজে