ঢাকার বাজারে আগের চেয়ে কমতে শুরু করেছে সবজির দাম। বেড়েছে সরবরাহও। বাজারে আসছে আগের চেয়ে বড় আকারের ফুলকাপি-বাঁধাকপি।
ঢাকার শান্তিনগর বাজার, কারওয়ান বাজার ও মোহাম্মাদপুরের টাউন হল ঘুরে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেখা যায়, মাঝারি আকারের একটি ফুলকপির দাম ৩০-৪০ টাকা। গত সপ্তাহে দাম কিছুটা বেশি ছিল। আকারেও ছিল এখনকার তুলনায় কিছুটা ছোট।
সব মিলিয়ে বৃহস্পতিবার টাউন হল মার্কেটের কাঁচা বাজারে ঘুরে দেখা যায়, বেশির ভাগ সবজি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে তা ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল।
সবজির বাজারের এই স্বস্তি মিলিয়ে যায় চাল ও ভোজ্যতেলের বাজারে। সরু চালের দাম আবার বেড়েছে। কারওয়ান বাজারে সরু মিনিকেট চাল প্রতি কেজি ৬০ টাকা এবং মানভেদে নাজিরশাইল কেজিতে ৬০ থেকে ৬২ টাকা দরে বিক্রি হয়। মাঝারি মানের চাল প্রতি কেজি ৫২ থেকে ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের মোটা চালের দাম ৪৮ থেকে ৫০ টাকায় স্থিতিশীল রয়েছে।
কারওয়ান বাজারের চালের আড়তের বিক্রেতা আবু রায়হান জানান, সরু চালের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে এক থেকে দুই টাকা বাড়তি।
টাউন হল বাজারে পুরোনো আলু প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি করতে দেখা যায়। গত ২০ অক্টোবর কৃষি বিপণন অধিদপ্তর আলুর দাম খুচরা পর্যায়ে প্রতি কেজি ৩৫ টাকা নির্ধারণ করে দিয়েছিল। গতকাল দুপুরের পর কারওয়ান বাজারের পাইকারি দোকানে আলু প্রতি কেজি ৪৫ টাকা চাইছিলেন বিক্রেতারা। যদিও দোকানের মূল্যতালিকায় লেখা ছিল প্রতি কেজি ৩৫ টাকা।
মাসের শেষ ভাগে এসে অনেক ক্রেতাই বাজারে মিতব্যয়ী হচ্ছেন। টাউন হল বাজারের এক ক্রেতা সেলিমা জাহান জানান, সবজিসহ কিছু কিছু পণ্যের দাম কিছুটা কমেছে, তবে এখনো স্বস্তিকর নয়। নতুন ধান ও আলু-পেঁয়াজ উঠলে এবং শীতের সবজির সরবরাহ পুরোদমে শুরু হলেই কেবল ব্যাগ ভরে বাজার করা যাবে।
বার্তাবাজার/অমি