পাসপোর্টের দালাল চক্রের ৯ সদস্যকে কারাদণ্ড

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দণ্ডাদেশ দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে র‍্যাব জানায়, পাসপোর্ট তৈরী করে দেয়ার নামে এই দালাল চক্র পাসপোর্ট অফিসের আশেপাশে অবস্থান নিয়ে মানুষজনের সসাথে বিভিন্ন গালগল্প বলে টাকা হাতিয়ে নেয়।

এমন অভিযোগ জেনে র‍্যাব-২ বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নেয়। তখন সেখানে ৯ জনকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। আদালত আটক নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলো- শেরেবাংলা নগরের শহীদেরটেক বস্তির মো. সুজন, মো. নাছির, মো. সোহেল, আগারগাঁও কুমিল্লা বস্তির মো. সোহাগ, শেরেবাংলা স্টাফ কোয়ার্টার এলাকার জসিম উদ্দিন, কাশেম, তালতলার শেখ আকরামুজ্জামান, মিরপুর-১১-এর সেন্টু মিয়া ও শাহআলী থানা এলাকার নজরুল শেখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর