মহামারি করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল বিভাগ ও ইনস্টিটিউট বন্ধ থাকলেও অনুষ্ঠিত হচ্ছে সান্ধ্যাকালীন (ইভেনিং) শিফটে ব্যবসায় অনুষদের বিভিন্ন কোর্সের ভর্তি পরীক্ষা।
আগামীকাল (শুক্রবার) রাজধানীর আজিমপুর গভঃ গার্লস হাইস্কুল ও কলেজে এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ৪৫তম ব্যাচে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য কিংবা উপ-উপাচার্য কিছুই জানেননা।
এর আগে পরবর্তী নীতিমালা না হওয়া পর্যন্ত সান্ধ্য কোর্সে কনো ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এরই মাঝে সেই সিদ্ধান্ত অমান্য করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অনুষদের একটি বিভাগের চেয়ারম্যান বলেন, ‘অনুষদের সবগুলো বিভাগের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে জানানো হয়নি।’ আগামীকাল এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন তিনি।
ভর্তি পরীক্ষার বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈনকে ২০ বারের বেশি ফোন দিলেও তিনি ফোন ধরেননি। এমনিকি এই পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও কোনো ধরনের তথ্য আপডেট করা হয়নি।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক মো. আবু তালেব পরীক্ষার বিষয়ে নিশ্চিত করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমাকে যা বলা হয়েছে, আমি তাই করছি। এর বাইরে আমি কিছুই বলতে পারব না।’
ভর্তি পরীক্ষার ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এখন তো সব বন্ধ আছে। তাছাড়া নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত সান্ধ্য কোর্সে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা না। আমি ডিনের সঙ্গে কথা বলে দেখি তারা কিভাবে এটা করছে।’
বার্তাবাজারে/এসজে