৭৩ বছর বয়সে ২৩ বছরের যুবতী মুরিদকে বিয়ে করলেন ‘পীর’

ফেনীর সোনাগাজীর নবাবপুর এলাকার সবার কাছে পরিচিত পীর জামশেদ আলম ওরফে ফুল হুজুর অবশেষে বিয়ে করেছেন। ২৩ বছর বয়সী তার এক যুবতী মুরিদকে তিনি স্ত্রী হিসাবে কবুল করেছেন। ফুল হুজুর বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের অনুসারী।

ফুল হুজুরের নব বিবাহিত স্ত্রীর বাড়ি ফেনী সদর উপজেলার কাতালিয়া গ্রামে। তিনি একই এলাকার নুর বক্স মিয়াজীর বাড়ির প্রবাসী দুলালের মেয়ে।

জানা যায়, মুরিদদের আমন্ত্রণে সদর উপজেলার ফকিরহাটে প্রায়ই অবস্থান করতেন তিনি। যার ফলে স্থানীয় অনেক মানুষ তার মুরিদ হয়ে যান। এরই মাঝে ফেনী জিয়া মহিলা কলেজের অনার্স পড়ুয়া তানজিনা আক্তারের পরিবারের সাথে হুজুরের ভাল সম্পর্ক থাকায় তিনিও মুরিদ হন। এক পর্যায়ে ফুল হুজুর তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে সম্মত হন ওই ছাত্রী।

তানজিনার নানা নুর করিম বিয়ের অনুষ্ঠান শেষে বলেন, ‘তার নাতনি ফুল হুজুরের মুরিদ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে ১০ লাখ টাকা কাবিনে ঢাকার আদালত এলাকায় ফুল হুজুর তরিকার প্রধান দরবারে বড় আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। হুজুরের সঙ্গে নাতিনের বিয়ে দিতে পেরে আমরা খুশি।’

এ বিষয়ে ফুল হুজুরের এক মুরিদ জানান, বৃদ্ধ বয়স পর্যন্তও হুজুর বিয়ে করেননি। ওই ছাত্রি আগে থেকেই হুজুরের মুরিদ ছিলেন। স্বপ্নযোগে বিয়ের নির্দেশনা পেয়ে হুজুর বিয়ে করেছেন। রাষ্ট্রীয় ও ধর্মমতে যা করা যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর