‘আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে’
আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, উদ্যোক্তাদের টাকার পেছনে না ছুটে সমস্যা সমাধানের পেছনে ছুটতে হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অভ্ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে যে পরিবর্তনটা ৫-১০ বছর পরে হতো সেটা কিন্ত গত ৮ মাসে করোনা মহামারির মধ্যে হয়ে গেছে। করোনা আমাদের যেমন সমস্যা তৈরি করেছে তেমন কয়েকটা সেক্টরে সম্ভাবনাও তৈরি করেছে। তরুণ উদ্যোক্তাদের এ সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানো যায় সেদিকে নজর দিতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তরুণ উদ্যোক্তাদের জন্য ৩ ধরনের সুবিধা দিতে কাজ করছে। সেগুলো হলো সরকারের নিজস্ব ফান্ড, কো-ইনভেস্ট এবং বাহিরের বড় ফান্ড ব্যবস্থা করা।
স্টার্টআপ লিমিটেড কোম্পানির জন্য সরকারের এ বছর ১০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে উল্লেখ করে তিনি বলেন এর মধ্য থেকে ৫০টিরও বেশি কোম্পানিকে ফান্ড দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগ উৎসাহিত এবং একই সাথে দেশি উদ্যোগগুলোকে সহায়তা দিতে আইসিটি বিভাগ কাজ করছে বলে তিনি জানান। আগামী ৫ বছরে আইটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি করার টার্গেটের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন প্রিয়শপ ডটকমের সিইও আশিকুল আলম খান, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, লাইট ক্যাসেল পার্টনার্সের চিফ এক্সিকিউটিভ অফিসার বিজন ইসলাম, তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বেসরকারি সংস্থা এবংপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ।
বার্তাবাজার/অমি