সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা ও নারীদের প্রতি কুরুচিপূর্ন মন্তব্য প্রদানকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনজিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদ ফেরদৌস শাওনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে নোটিশে। এছাড়া পুরো বিষয়টি নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রক্টর ড. সুব্রত কুমার দাশ বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে নোটিশের জবাব দিতে হবে। অন্যদিকে বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রহিমা নাসরিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের শিক্ষক ড. নাজমুল কায়েস এবং আইন বিভাগের শিক্ষক সুপ্রভাত হালদার।কমিটির সদস্যরা আগামী সাত কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্তমূলক প্রতিবেদন ও সুপারিশমালা তৈরি করবেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনজিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদ ফেরদৌস শাওন তার ফেসবুক আইডি থেকে মুসলিম বিবাহের মোহরানা এবং বাঙালি মুসলিম নারীদের নিয়ে অশ্লীল ভাষায় স্টাটাস ও কমেন্ট করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তার শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বার্তাবাজার/অমি