উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে স্বামী কর্তৃক নির্যাতন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার (২৮) তার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা শাহ কামাল তালুকদারের বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে বিয়ে, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগ তুলেছেন।
বুধবার মারপিটে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন সজনরা।
অভিযুক স্বামী শাহ কামাল তালুকদার(৩২) বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও মাঝিহট্ট ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি।
ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার বৃহস্পতিবার দুপুরে জানান, গত ২০ মার্চ ২০১৯ তারিখে বগুড়ার একটি কাজী অফিসে উভয় পক্ষের পরিবারের সম্মতিতে ১০ লক্ষ টাকা দেন মোহর ধার্য করে বিবাহে আবদ্ধ হই। বিয়ের পর স্বামী শাহ কামাল বিভিন্ন অযুহাতে আমার কাছ থেকে ৬ লাখ টাকা ধার নেয়। এরপর ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আমাকে দিনের পর দিন মারপিট করে। গত বুধবার একই দাবিতে মারপিট করলে খবর পেয়ে আমার দুই বোন পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমি তার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করবো।
এসময় তিনি আরো বলেন, স্বামী শাহ কামালের স্ত্রী ও একটি কন্যা সন্তান থাকলেও বিয়ের আগে সে তা গোপন করেছিলো।
এ ব্যাপারে স্বামী শাহ কামাল বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। সে জেনে শুনেই আমাকে বিয়ে করেছে। আমি তার কাছ থেকে দুই লক্ষ টাকা ধার নিয়ে ছিলাম সে আমার কাছ থেকে ওই ২ লক্ষ টাকা পাবে। আমি তাকে কোন নির্যাতন করিনি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে মারপিটের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/অমি