কালী পুজোয় নাচতে গিয়ে লাশ হলেন ময়ূরী

ঢাকার সাভারের আড়াপাড়া থেকে বেদে সম্প্রদায়ের ময়ূরী (৩৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাফায়েত হোসেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সাভার পৌর এলাকার আড়াপাড়ার জমিদার বাড়ি মন্দির সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ময়ুরী সাভারের বেঁদেপাড়া এলাকার তাহের মিয়ার মেয়ে। তিনি দীর্ঘ দিন ধরে সাভারের বাজার রোড এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, গতকাল রাতে ওই এলাকার জমিদার বাড়ি মন্দিরে নাচ-গান করার জন্য আসেন ময়ুরী। রাত ১০ টা পর্যন্ত তিনি নাচ-গান করে বাসার উদ্দেশ্যে চলে যান। পরে ভোরে মন্দির সংলগ্ন এলাকার একটি গলিতে নিহতের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে, সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাফায়েত বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর