যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি চক্রের সদস্য

সম্প্রতি ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসাবে পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির সাথে জড়িত থাকার দায়ে আজীবন বহিস্কার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন রানা।

গত ১৪ নভেম্বর রাতে সন্মেলনের প্রায় বছরখানেক পরে ঘোষিত যুবলীগের এই কমিটিতে ১২৯ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ও আলাদাভাবে ২০০ সদস্য নিয়ে গঠন করা হয় কেন্দ্রীয় কমিটি। ২০০ সদস্যের তালিকায় ১৮৬ নম্বরে আছে মহিউদ্দিন রানা।

এর আগে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার আগের রাতে একটি হল থেকে পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন রানাসহ আরও ২ ছাত্রলীগ নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন তাঁদের কাছে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) কার্ডের মতো দেখতে জালিয়াতি করার ডিভাইস ও মুঠোফোনে প্রশ্নপত্র পাওয়া গিয়েছিল।

শেরপুরে জন্ম নেওয়া মহিউদ্দিন রানা সেই সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সোহাগ-জাকিরের কমিটিতে সহ-সম্পাদক ছিলেন। অভিযোগ ওঠার সাথে সাথে দায় এড়াতে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয় রানাকে।

এরপর ২০১৮ সালের ৩০ জানুয়ারি মত ১৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিস্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ১৪ জনের মাঝে মহিউদ্দিন রানাও। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি জালিয়াতদের ডিজিটাল ডিভাইস সরবরাহ করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর