ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, শ্বশুড়-শাশুড়িসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কোহিনুর খানম নিতু (৩০) নামে এক গৃহবধুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী মোঃ জুয়েল মিয়া (৩২)। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা গ্রামের মোঃ আবু চান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে স্বামী জুয়েল পলাতক।

এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল, জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ছয় মাস আগে প্রেম করে আদালতে গিয়ে বিয়ে করে কোহিণূর ও জুয়েল। দু,জনেরই এটি দ্বিতীয় বিয়ে। জুয়েল ইয়াবা আসক্ত ছিল। জুয়েল একটি ওয়ার্কসপ খুলে ব্যবসার জন্য কোহিনুরের কাছে ২ লাখ টাকা যৌতুক চাইলে কোহিনুর টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এর জের ধরেই বৃহস্পতিবার ভোরে জুয়েল বটি দিয়ে কোহিনুরকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলের বাবা সহ ৫ জন কে আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর