কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রাম এবং পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের মাঝিটারীর মধ্যে সহজেই সংযোগ স্থাপনের উদ্দেশ্যে ফুলকুমর নদীর উপর ২০১৭ সালের বন্যার পর একটি কাঠের পুল নির্মাণ করা হয়। নির্মাণের ১ বছরের মাথায় পুলটির আংশিক ভেঙে ও বেঁকে যায়।
এমতাবস্থায় গত কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে এই পুল দিয়ে পারাপার করতে হচ্ছে গ্রাম দুটির প্রায় ৭ হাজার পরিবারের বাসিন্দা ও গ্রামে অবস্থিত রতনপুর স্কুল ও সোনাইরখামার মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীকে।

সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, পুলটির দুই পাশ দিয়ে তৈরী করা কাঠের রেলিং ভেঙ্গে গেছে। এছাড়াও পুলের একপ্রান্ত মোটামুটি চলাচল উপযোগী থাকলেও অপর প্রান্ত খুব মারাত্মকভাবে দেবে গেছে। এর নিচে থেকে দেয়া বাঁশের খুটি ও ঠেস সরে যাওয়ায় এরকম সৃস্টি হয়েছে। খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পুলটিতে উঠলে তা অস্বাভাবিক ভাবে নড়তে থাকে। সবমিলিয়ে এটি চলাচলের অযোগ্য হলেও দুই গ্রামের বাসিন্দা ঝুঁকি নিয়ে চলাচল করছে।
আন্ধারীঝাড় মাঝিটারী গ্রামের মাঝি শ্রী মহত চন্দ্র মাঝি বলেন, “হামরা প্রানের ঝুকি নিয়া এদি (এখান) হাঁটি পারাপার হই নদী। পুলটা ভাঙি গেছে কয়টা কামলা খাটাইলে পুল টা বান্ধন (বাঁধন) দিয়ে একরকম ঠিক করা গেইল হয়। চেয়ারম্যান তাও করে না।”
রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের আরেক বাসিন্দা মিনা বেগম জানান, “ভয়ে পুল পার হওয়া বাদ দিছি।আজ দশ বারোদিন থাকি এই অবস্থা। সাইকেল এলা মানুষ গুলা আইসে আর ঘুরি যায়।”
রতনপুর এম.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান বলেন, “নদীর অপর প্রান্ত থেকে হাই স্কুল, প্রাইমারী এবং মাদরাসার শিক্ষার্থীরা আসে। কিন্তু এই পুলটি এখন শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সংগঠক ও উন্নয়নকর্মী মামুনুর রশীদ জানান, “কাঠের এই পুলের মাধ্যমে দুই অঞ্চলের মানুষ দীর্ঘদিন সেবা পেয়ে এসেছে। কিন্তু এখন এটি চলাচলের অযোগ্য। দুর্ঘটনা ঘটার আগেই এটির মেরামত করা হোক। আর অতিসত্বর এখানে একটি ব্রীজ নির্মাণের দাবী জানাচ্ছি।”
রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্লাহ আল-ওয়ালিদ মাসুম মুঠোফোনে বলেন,” জনসাধারণের জন্য এখানে একটি ব্রিজ খুবই জরুরি। ব্যক্তিগতভাবে একটি কাঠের পুল করে দেয়া হয়েছে। তবে চেষ্টা করছি ব্রিজ করার। বরাদ্দ পেলে হয়ে যাবে।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ বাদশা আলগীর এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি আমাদের প্রজেক্টে নাই। ভবিষতে হয়তবা তহবিল পেলে কোন একদিন হতে পারে”।
ভিডিও…..
https://www.facebook.com/Bartabazarbd/videos/292379045348363/
বার্তাবাজার/অমি