টিউশনি করিয়ে বাড়ি ফেরার সময় যুবককে হত্যা

নরসিংদী পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রাসেল মৃধা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাসেল শিবপুরের বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।

এ বিষয়ে নিহতের ভাই তারেক জানান, দীর্ঘ ১৭ বছর ধরে রাসেল মৃধার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার বেলায়েতের। আদালতে দায়ের করা মামলাও এখন রায়ের অপেক্ষায় আছে। কিন্তু বুধবার রাতে টিউশন করাতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় আসে রাসেল।

সেখানে পড়িয়ে বাড়ি ফেরার পথে ইউএমসি জুট মিল এলকায় প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে, লাশ ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর