দেশে এখন গভীর থেকে গভীরতর সংকটে: মির্জা ফখরুল

বাংলাদেশ এখন গভীর থেকে গভীরতর সংকটে। সেই সংকট কাটিয়ে উঠতে আমাদের অবশ্যই মওলানা ভাসানীকে অনুসরণ করতে হবে। তার দেয়া দর্শন নিয়ে এগোতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আমরা যারা গণতন্ত্রের পক্ষে কথা বলি, আমরা যারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাদের কাছে মওলানা ভাসানীকে সত্যিকার অর্থে একজন দেবতার মতো মনে হয়। তিনিই আমাদের দেখিয়েছেন যে, মানুষের কি জন্য মুক্তি দরকার, স্বাধীনতা দরকার, সার্বভ্যেমত্ব দরকার। মানুষের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য আজীবন আপসহীন থেকেছেন। সেই ব্রিটিশ দাসত্ব থেকে মুক্তির জন্য তিনি লড়াই করছেন, সংগ্রাম করতেন।

তিনি বলেন, ভাসানী সমাজকে বদলিয়ে দিতে চেয়েছিলেন, শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন। সেজন্য যারা সমাজের বিত্তশালী, যারা সমাজে প্রভাবশালী, যারা বিত্তের পাহাড় গড়ে তোলে তারা কখনোই মওলানাকে ভালো চোখে দেখেননি। সেকারণে সাম্রাজ্যবাদের যারা পূজারী তারা তাকে বলতেন ‘ভায়োলেন্স’। আর যারা আধিপত্যবাদের পক্ষে কথা বলেন, তারা তাকে বলতেন ‘মৌলবাদী’।

বিএনপি মহাসচিব বলেন, মওলানা ভাসানী ধার্মিক ছিলেন, কিন্তু একেবারে অসাম্প্রদায়িক ছিলেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। মওলানা ভাসানী আমাদের সামনে একজন নক্ষত্র। যে নক্ষত্র ধ্রুবতারার মতো, যে নক্ষত্রকে সামনে নিয়ে আমরা এগোতে পারি। তিনি বাংলাদেশে যে প্রজন্ম সৃষ্টি করেছেন সেই প্রজন্ম হচ্ছে সামনে এগিয়ে চলার প্রজন্ম। যারা দেশটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর