ফরিদপুরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে পানি সাশ্রয়ী উচ্চফলনশীল জাতের ধান চাষে উদ্বুদ্ধকরণ বিষয়ে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করে জেলা পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের গুনবহা পানি ব্যবস্থাপনা দলের আওতায় থাকা একটি প্রদর্শনী প্লটে বিনা ধান-১৭ জাতের ধানের শস্য কর্তন ও ফলন পর্যবেক্ষণ করা হয়।

পরে গুনবহা পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মো. আকরাম শেখের সভাপতিত্বে ও প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটেটর এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো. শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার, শরিফুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল বিশ্বাস, সিনিয়র ফ্যাসিলিটেটর আমীর হোসেন খাঁন, বি এম আলমগীর কবীর, কমিউনিটি ফ্যাসিলিটেটর গৌতম কুমার, শফিউল ইসলাম, সুজয় কুমার সাহা, স্থানীয় ইউপি সদস্য কাজী মাসুদুল হক সেলিম, হরিহরনগর পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মো. দাউদুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে ৩ জন সফল কৃষককে পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, তাদের প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত জাত ও উচ্চ ফলনশীল ফসল উৎপাদন নিশ্চিত করা।
এ বিষয়ে ইতিমধ্যে ৩০ জন কৃষক-কৃষাণী তিন মাসব্যাপী প্রশিক্ষণ নিয়ে ফসল উৎপাদনে ইতিবাচক ফল পেয়েছে। তাদের পানির ব্যবহার যেমন কমছে তেমনি সার, কীটনাশকসহ অন্যান্য উপকরণ কম লাগায় উৎপাদন খরচ কম হয়েছে। পাশাপাশি ফলন হয়েছে বেশি।
বার্তাবাজার/অমি