পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের (আইজিপি) দেওয়া একটি বলদ গরু উপহার পেলেন সিরাজগঞ্জের তাড়াশে তেলের ঘানি টানা জাকির।
বুধবার বিকেলে তাড়াশ থানা চত্বরে জাকিরকে ৮০ হাজার টাকা মূল্যের একটি গরু প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশের মানবতার সেবার অংশ হিসেবে মহাপরিদর্শকের পক্ষে ওই দম্পতিকে আনুষ্ঠানিকভাবে এই গরু প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
এ সময় তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু ও মানবতার সেবামূলক কাজ করে থাকে। পুলিশ দেশের দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়।
জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, ওসি ফজলে আশিক, ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় গত ১০ নভেম্বর তাড়াশে গরুর অভাবে তেলের ঘানি টানেন জাকির দম্পতি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদটি পুলিশ মহাপরিদর্শকের নজরে আসলে তাকে গরু প্রদানের ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারকে নির্দেশনা দেন। এ অনুষ্ঠানে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে গত বৃস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার মাদারজানি গ্রামের বাড়িতে গিয়ে জাকির হোসেন দম্পতিকে ঘানি টানার জন্য ৬৪ হাজার ৫শ টাকা মূল্যের একটি বলদ গরু প্রদান করেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ।
বার্তাবাজার/অমি