বরিশালে একজন ইয়াবা বিক্রেতাকে দশ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়।
আজ বুধবার (১৮ নভেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত দেলোয়ার বিমান বন্দর থানাধীন গাজীপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে। রায় ঘোষণার সময় দেলোয়ার আদালতে উপস্থিত ছিলেন।
বেঞ্চ সহকারি হেদায়েতুনবী জাকির জানান, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আশীষ পাল রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে। তার দেখানো মতে কলাগাছের গোড়া থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারী তদন্তকারী কর্মকর্তা মামলার চার্জশীট জমা দেন। আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার ওই রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে পুলিশ পাহারায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বার্তাবাজার/অমি