গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা, চালক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পিকআপভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেল চালক আল আমিন (৩৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এসময় অপর এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের মরাতল্লী এলাকায় এ দূর্ঘনাটি ঘটে। নিহত আল আমিন উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় মেলাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আল আমিন বাড়ি থেকে বের হয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মরাতল্লী এলাকায় পৌছলে ভাউলাগঞ্জ গামী দ্রুতগামী একটি পিকআপকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অপর মোটর সাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশীদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর