বগুড়ায় মাস্ক না পরায় অর্ধশত মানুষের জেল-জরিমানা

বগুড়ায় মাস্ক না পরায় অর্ধশত মানুষকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে শহরের সাতমাথা ও মাটিডালীতে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

সকাল সাড়ে ১১টায় শহরের সাতমাথায় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও নাছিম রেজা। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮’র ২৫/১(খ) ও ২৫(২) অনুযায়ী মাস্ক না পরার অপরাধে ২ জনকে ১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে ৭টি মামলায় ৩০ জনকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।

অপরদিকে শহরের মাটিডালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান। তিনি বেলা ১টায় অভিযান পরিচালনা করে ১৭ জনের ৩৪শ’ টাকা জরিমানা, ১ জনের ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।

তিনি জানান, পথচারীসহ সিএনজি চালিত অটোরিক্সা, ইজিবাইকগুলোতে চলাচলকারী চালক ও যাত্রীদের মাস্ক নিশ্চিত করতে এ অভিযান অব্যহত থাকবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর