পোশাক শ্রমিকদের লাগাতার অবস্থান কর্মসূচি

সাভার উপজেলার আশুলিয়া থানাধীন আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গনে ঢাকা ইপিজেডে অবস্থিত এ ওয়ান (বিডি) লিঃ এর শ্রমিকগণ দ্বিতীয় দিনের মতো প্রতিবাদী অবস্থান ও সংহতি সমাবেশ করেছে।

গতকাল মঙ্গলবার এই প্রতিবাদ সমাবেশ শুরু হয় এবং শ্রমিকেরা প্রেসক্লাব প্রাঙ্গনে রাতেও সেখানে অবস্থান করেন। পরে এই রিপোর্ট লেখা পর্যন্ত (বুধবার) শ্রমিকদেরকে সেখানে অবস্থান করতে দেখা গেছে।

উল্লেখ্য, সাভার ইপিজেডে ইটালীয় নাগরিক আলিসান্ড্রা ফেরি’র মালিকানাধীন এ ওয়ান (বিডি) লিঃ কারখানার ১১শত শ্রমিক গত ১০ মাসের বেতন না পেয়ে চরম দূর্দশার মধ্যে দিনাতিপাত করছে। এই দশ মাসেও কারখানা কর্তৃপক্ষ কিংবা বেপজা কর্তৃপক্ষ বেতন প্রদান বিষয়ে কোনো দায়িত্ব গ্রহন করেনি বলে জানান প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া শ্রমিকেরা।

ছবি: বার্তা বাজার।

এসময় তারা আরও জানান, এ ওয়ান (বিডি) লিঃ কারখানার ১১০০ নারী ও পুরুষ কর্মচারীদের দশ মাস যাবত কোন প্রকার বেতন ভাতা প্রদান না করায় কারখানা চালু করে চাকরি ফিরিয়ে দেওয়া অথবা বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯ অনুযায়ী সকল পাওনা অবিলম্বে পরিশোধের দাবী নিয়ে তারা এই অবস্থান কর্মসূচী পালন করছেন।

বুধবার (১৮ নভেম্বর) সরেজমিন আশুলিয়া প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, আন্দোলনরত শ্রমিকদের খাবারের টাকা পর্যন্ত তাদের কাছে নেই, তাই মহাসড়কে চলাচল করা যানবাহন থেকে অবস্থানরত শ্রমিকরা ৫ টাকা, ১০ টাকা করে তুলে তাদের আহারের ব্যবস্থা করছিলেন।

এসময় যানবাহন থেকে টাকা তোলার ব্যাপারে শ্রমিকদের কাছে জানতে চাইলে আন্দোলনরত এক শ্রমিক জানান, আমাদের এই এগারশত শ্রমিকদের প্রত্যেকদিন খাবারের জন্য ন্যুণতম ১৫ হাজার টাকা লাগে। এমনিতেই দশ মাস যাবত কোন বেতন পাই না, পকেটে টাকা নাই, কি ভাবে ক্ষুধা মেটাবো?

তবে এ ব্যাপারে এ ওয়ান (বিডি) লিঃ কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর