পরিবহনে আগুন বা পেট্রোল বোমা নিক্ষেপ বা প্রাণহানির মত ঘটনায় ‘প্রকৃত সত্যকে উদঘাটন’ না করে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অপকৌশল গ্রহণ করে কপটতার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব।
দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি আব্দুল হাই এর স্মরণে ভার্চুয়াল শোকসভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, দেশের বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থে ‘আগুন নিয়ে খেলা’র রাজনীতি সরকারকে অবশ্যই বন্ধ করতে হবে। ‘নিয়ন্ত্রিত’ ও ‘সংকুচিত’ রাজনীতি এবং জনগণের সম্মতি বিহীন রাষ্ট্র পরিচালনার পরিবর্তে সকল মত পথের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।
দেশের সিনিয়র এই রাজনীতিবিদ বলেন, অতীতের মত আগুন নিয়ে সা¤প্রতিক রাজনৈতিক খেলা তার জ্বলন্ত প্রমান। আগুন নিয়ে খেলার রাজনীতি একদিকে যেমন মূল্যবান জীবন ও সম্পদের ক্ষতিসাধন করছে অন্যদিকে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করছে। এটা কোন ক্রমেই মেনে নেয়া যায় না।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর পরিচালনায় উক্ত শোক সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সাবেক দায়রা জজ ও সুপ্রীম কোর্টের আইনজীবি সা কা ম আনিসুর রহমান খান, মিসেস তানিয়া রব, মোঃ সিরাজ মিয়া, ডাঃ জবিউল হোসেন, আমিন উদ্দিন বিএসসি, ড. শাহানাজ জাহান লিনা, এ্যাড. সৈয়দা ফাতেমা হেনা, আহসান উদ্দিন চৌধুরী সুইট, মোশাররফ হোসেন মন্টু, ব্যারিষ্টার ফারাহ খান প্রমুখ।
বার্তাবাজার/এসজে