রক্তের ব্যাগের উপরে পা: অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন

বিনামূল্যে রক্তদান করা স্বেচ্ছাসেবক এর দানকৃত রক্তের ব্যাগে পা দেয়ায় স্বেচ্ছাসেবীদের ক্ষোভের মুখে পড়েছেন লালমনিরহাট সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জাহিদুল ইসলাম।

এর আগে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য ও নেগেটিভ রক্তদাতা নিয়ে সদর হাসপাতালে গেলে এই ঘটনা ঘটে।সেখানে উপস্থিত থাকা একজন স্বেচ্ছাসেবক রক্তের ব্যাগে পা দেয়ার ছবিটি ফেইসবুকে পোস্ট করলে তা মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর জেলার স্বেচ্ছাসেবীরা তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানায় এবং একটি প্রতিনিধি দল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এর সাথে এবিষয়ে কথা বলেন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মো সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়টি সর্বপ্রথম তিনি জেলা প্রশাসক মারফত জানতে পারেন এবং তৎক্ষনাৎ সেই মেডিকেল টেকনোলজিস্ট কে ডেকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করেন ও পরবর্তীতে যেন এরকমটা নাহয় সেবিষয়ে সাবধান করেন।

এই বিষয়ে অফিসিয়ালি কোন ব্যবস্থা নেয়া হবে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চিঠির মাধ্যমে তাকে শোকজ করবো কারন দর্শানোর জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এবিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট জাহিদুল ইসলাম জানান,আমার ছবি যেখানে খুশি দিয়ে দিন।যতবড় করে পত্রিকায় পাড়েন ছাপান এবং এটি ট্যাকনিকাল বিষয়,আমি পা দিতেই পারি।

এদিকে ছবিটি ফেইসবুকে ভাইরাল হলে একাধিক ব্যক্তি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে তিনি এরকমই রোগীদের সাথে অসদাচরণ করেন এবং হেনস্তা করেন।

আরোও জানা যায়, জেলা শহরে তার ব্যক্তিমালিকানাধীন একটি প্যাথলজি রয়েছে, যার নাম ইসলাম প্যাথলজি।সেই প্যাথলজিতে রোগীরা না গেলে এরকমভাবেই হেনস্তা হতে হয় রোগী ও রোগীর স্বজনদের।

এই ঘটনায় আজ সদর হাসপাতালের সিনিয়র হেড টেকনোলজিস্ট জাহিদুল ইসলাম এর বিচারের দাবীতে সদর হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাহমুদুল হাসান মামুন স্মৃতি সংসদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধনে বক্তব্য উপস্থিত থেকে রাখেন, সংগঠনের সভাপতি শাওন খান, সাধারণ সম্পাদক রাকিব ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক তাপস অধিকারী, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান আকাশ, তরুণ সংগঠক ও সাংবাদিক প্রদীপ কুমার আচার্য্য সহ সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, রক্তের ব্যাগে পা দেয়ার ঘটনায় জাহিদুল ইসলাম কে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে করে ভবিষ্যতে আর কেউ এরকম করার সাহস না পায়।এসময় বক্তারা সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর