দেবীগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই বাড়ির দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার সফিউদ্দীনের ছেলে আসাদুজ্জামান আসাদ (২.৫) ও রফিকুল ইসলামের ছেলে রহমতউল্লাহ (৩)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির উঠানেই খেলা করছিল চাচাতো দুই ভাই আসাদ ও রহমত উল্লাহ। এসময় তারা সবার অগোচরে বাড়ির বাইরে বের হলে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। এসময় পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন মিজানুর রহমান মঞ্জুর স্ত্রী রওশন আরা।

তিনি শিশু আসাদকে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখলে চিৎকার করেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা দৌড়ে এসে আসাদকে ভাসমান অবস্থায় উদ্ধার করে রহমতকে খোঁজাখুঁজি করলে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাহকে মৃত ঘোষনা করেন।

দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুই চাচাতো ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর