সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা ও নারীদের প্রতি কুরুচিপূর্ন মন্তব্য প্রদানকারী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনজিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদ ফেরদৌস শাওনকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: আজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মো: মুক্তার হোসেন, ইকনমিক্স বিভাগের শিক্ষার্থী ইকবাল মাহমুদ, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তৌহিদ বাশার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেফা নূর ইবাদি সহ অনেকে।
বক্তারা বলেন, শাওনকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং এসব বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। ক্যাম্পাস যারা ধর্মীয় উত্তেজনা ছড়াবে তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে।
বক্তারা আরও বলেন, যারা এর সাথে আছে এবং মদদ দিচ্ছে এদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত সোমবার রাতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনজিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদ ফেরদৌস শাওন তার ফেসবুক আইডি থেকে মুসলিম বিবাহের মোহরানা এবং বাঙালি মুসলিম নারীদের নিয়ে অশ্লীল ভাষায় স্টাটাস ও কমেন্ট করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বার্তাবাজার/অমি