ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার রায় আগামীকাল

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণ মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। রায়ে মামলার একমাত্র আসামি মজনুর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মজনুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন। এছাড়া, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত মজনু। তাই রায়ে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে।

এদিকে, মজনুর আইনজীবী (সরকার থেকে নিয়োগপ্রাপ্ত) বলছেন, (মজনুর বিরুদ্ধে) আনীত অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়নি। মামলায় তিনি খালাস পাবেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ বলেন, ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করা হবে। ১৩ কার্যদিবসে আমরা মামলার কার্যক্রম শেষ করেছি। মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, এছাড়া তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাই আমরা মজনুর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করছি।

তবে মজনুর আইনজীবী রবিউল ইসলামের দাবি, মজনুর বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছে তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়নি। রায়ে মজনু খালাস পাবেন।

এর আগে ১২ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন। মামলার ২৪ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য শেষ হয়েছে। ১৩ কার্যদিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর