খাগড়াছড়ি সদরে পর্যটকদের বহন করা একটি মাইক্রোবাসের ধাক্কায় পার্থ রায় চৌধুরী নামে পুলিশে কর্মরত উপ-পরিদর্শক (এস আই) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার গামারীঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পার্থ রাঙ্গামাটি সদরের তবলছড়ি এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত ছিলেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, সকালে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি আদালতে মামলার সাক্ষী দিতে আসার পথে গামারিঢালা এলাকায় দুর্ঘটনার শিকার হন এস আই পার্থ।
দুর্ঘটনার পর এক মাহেন্দ্র চালক আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
ওই মাইক্রোবাসটি গাইবান্ধা থেকে পর্যটক নিয়ে রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি আসছিল বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তা পার্থ কিশোরগঞ্জে কাজ করার আগে খাগড়াছড়ির সদর ও পানছড়ি থানায় কর্মরত ছিলেন।
বার্তাবাজার/এসজে