বগুড়ায় ৪ পৌর কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কর বিভাগের সাড়ে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বগুড়া পৌরসভায় চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (মঙ্গলবার) দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে নিজ দফতরে এ মামলা করেন। নাগরিকদের কাছ থেকে কর হিসেবে আদায় করা টাকা জমা না দেয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

তারা হলেন- বগুড়া পৌরসভার ভারপ্রাপ্ত কর আদায়কারী এ কে এম আকিল আহম্মেদ মোমিন, চুক্তি সহকারী কর আদায়কারী মশিউর রহমান, একই পদে কর্মরত অপর দুই কর্মচারী মো. আলমগীর রহমান ও মাসুদ সরকার কনক।

তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছরে ৩৭ লাখ ৬১ হাজার ১৯৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে দুদকের অনুসন্ধানের প্রাক্কালে পৌরসভা কর্তৃপক্ষ ওই চার কর্মকর্তা-কর্মচারীকে কয়েক মাস আগে সাময়িক বরখাস্ত করেন।’

দুদক বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন,‘ অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৪৭ সালেরর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর