বাসে আগুন দেওয়ার মামলাগুলো সরকারের উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার সুপরিকল্পিতভাবে ঢাকায় গণপরিবহনে আগুন দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আজ মঙ্গলবার দুপুরে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রকৃত অর্থে এই মামলাগুলো যে উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট তা সুনিশ্চিত। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ফ্যাসিবাদী সরকারের এই অপতৎপরতা।’
লিখিত বক্তব্যে ফখরুল বলেন, ‘এখন সেই ঘটনার দায়-দায়িত্ব বিএনপির ওপর জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দিতে ষড়যন্ত্রমূলক বানোয়াট মামলা দায়েরের মাধ্যমে বিএনপি এবং অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মীকে হয়রানি ও গ্রেপ্তার করছে এবং গ্রেপ্তারের নামে বাসাবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে আসবাবপত্র ভাঙচুরসহ পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করছে
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ছিল সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ সংসদীয় উপনির্বাচন। এ দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১০টি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা হয়েছে। এতে পাঁচ শতাধিক আসামি করা হয়েছে, যাদের বেশির ভাগই বিএনপির নেতাকর্মী। এসব মামলায় এরই মধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বার্তাবাজার/এসজে