বগুড়ার ব্যবসায়ী হযরত আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় অপর ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদেরকে খালাস দেয়ার আদেশ দেয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩ টায় বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন। সন্ধ্যায় রাস্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন-বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মিলন ওরফে মারুফ রায়হান(৩৫), নিশিন্দারা আকন্দপাড়ার মহিদুল ইসলামের ছেলে মানিক (২২) ও নিশিন্দারা মধ্যপাড়ার মাসুম মোল্লার ছেলে সাঈদী(২৫)।
মামলায় খালাস প্রাপ্তরা হলেন-বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল, সুজন, শাওন, শাহিনুর ও কাজিম।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ এপ্রিল দুপুর ১ টার দিকে মামলার আসামি সুজন হযরত আলীকে কৌশলে বাড়ি থেকে ডেকে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। হযরত আলীর বাড়ির অদুরে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সামনে তাকে রাম দা দিয়ে কুপিয় হত্যা করে অন্যান্য আসামিরা।
এ ঘটনায় ওই দিনই নিহতের মা মেরিনা মেরিনা বেগম বাদী পৌর কাউন্সিলর জহুরুল ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। দুইজন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের পর মামলাটি সিআইডিতে পাঠানো হয়।
সিআইডির পুলিশ পরিদর্শক ছকির উদ্দিন একই বছরের ২৯ নভেম্বর এজাহারে উল্লেখিত ৮ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর বিচার কাজ চলাকালে সাক্ষীদের জবানবন্দী নেয়া শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
বার্তাবাজার/অমি