ঢাকার সাভারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাভার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে ‘স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও দুইদিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সাভার উপজেলা পরিষদ চত্বরে সম্পন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
উল্লেখ্য, ১৭ ও ১৮ নভেম্বর এই দুইদিন মোট ৯টি প্রতিষ্ঠান তাদের ষ্টলে স্থানীয় ভাবে তাদের উদ্ভাবিত প্রযুক্তির বিভিন্ন আইটেম প্রদর্শর্নীতে উপস্থাপন করবে।
এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইন্সটিটিউট (উন্নত চুলা), কাঁচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইন্সটিটিউট (পানি বিশুদ্ধকরণ ফিল্টার, প্রক্রিয়াজাত দীর্ঘস্থায়ী বাঁশ, এনার্জি ইফিসিয়েন্ট ব্রিক), এপ্লাইড বোটানী সেকশন (প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ আশ্চর্য খাবার- স্পিরুলিনা), মোফাজ্জল -মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রী কলেজ, সাভার (নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন আইটেম), মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ (নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন আইটেম), সাভার, তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, সাভার (কম খরচে তৈরী গ্যাস সহ চুলা) উল্লেখযোগ্য।
প্রদর্শনীর উদ্বোধন শেষে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এসব ষ্টল ঘুরে ঘুরে দেখেন এবং নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি দ্বারা তৈরী এসব পণ্যের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে স্কুল ও কলেজ ছাত্রদের তৈরী পণ্যে প্রযুক্তির অভাবনীয় ব্যবহারে বিস্ময় প্রকাশ করেন।
অনুষ্ঠানে মঞ্জুরুল আলম রাজীবের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নাহার, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যরা।
বার্তাবাজার/অমি