রায়হান হত্যা: রিমান্ড শেষে কারাগারে আকবর

পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, রিমান্ড শেষে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বরখাস্ত এসআই আকবরকে আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইদিন এ মামলার আরো ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেক এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ ও টিটু চন্দ্র দাস। তারা পাঁচদিনের রিমান্ডে ছিলেন।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ২ টার দিকে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আওলাদ হোসেন। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর