উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী, সুরকার রুনা লায়লার জন্মদিন আজ। সচরাচর দিনটি বিশেষ আয়োজনের মধ্য দিয়েই উদযাপিত হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতি বিবেচনা করে এই দিনটি ঘিরে কোনো আয়োজনই থাকছে না।
ছোটবেলায় নাচের প্রতি খুব আগ্রহ ছিল রুনা লায়লার। মায়ের কাছে শুনেছেন, ছোটবেলায় রেডিও চালু করে নিজেই নাচতেন, নাচের মুদ্রা তৈরি করতেন। সেই আগ্রহ দেখে তাঁকে ভর্তি করা হয়েছিল করাচির বুলবুল ললিতকলা একাডেমিতে। সেখানে নাচ শিখেছেন চার বছর। কিন্তু মা গানের মানুষ আর বাড়িতে গানের পরিবেশের কারণে রুনা লায়লা হলেন গায়িকা। শুধুই গায়িকা নয়, চার বছর নাচ শেখা রুনা লায়লা হয়ে উঠলেন উপমহাদেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী। ১৯৫২ সালের সালের আজকের দিনে (১৭ নভেম্বর) সিলেটে জন্মগ্রহণ করেন ‘দমাদম মাস্ত কালান্দার’খ্যাত রুনা লায়লা। মাত্র ছয় বছর বয়সে করাচিতে কয়েকজন বাঙালি মিলে ‘ঢাকা ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন’ নামে সংগঠন করেছিলেন।
এ গুণী শিল্পীর জন্মদিন উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আজ সকালে প্রকাশ করেছে রুনা লায়লার সুর করা গান ‘এই দেখা শেষ দেখা’।
গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন রুনা লায়লা এবং সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। গত ১২ ও ১৩ নভেম্বর গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
বার্তাবাজার/এএস