বরিশালে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় এক কিশোরীকে (১৭) অপহরণ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আল আমিন মৃধা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন। এর আগে রোববার রাতে বানারীপাড়া থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে উপজেলার সলিয়াবাকপুর এলাকার বাসিন্দা আল আমিনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই রাতেই তাকে গ্রেপ্তার করে।

বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, গত ৯ সেপ্টেম্বর ওই কিশোরী স্কুল ছাত্রীকে তার নিজ বাড়ির সামনে থেকে বিয়ের প্রলোভন দিয়ে একই এলাকার আল আমিন মৃধা পালিয়ে নিয়ে যান। এরপর কিশোরীকে বিভিন্ন স্থানে আবাসিক হোটেলে রেখে ৭ নভেম্বর পর্যন্ত ধর্ষণ করেন তিনি।

গত ৮ নভেম্বর ওই কিশোরী স্কুল ছাত্রী আসামির কাছ থেকে পালিয়ে নিজ বাড়িতে আসে। বিষয়টি সে তার পরিবারকে জানালে তার মা বাদী হয়ে রোববার রাতে আল আমিনসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে বানারীপাড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ‘অপহরণ ও ধর্ষণের ঘটনায় ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে মামলা করার পরপরই আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে কিশোরীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর