আদালত অমান্য করে ঘর উত্তোলনের চেষ্টায় সংঘর্ষ: আহত ৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১৪৪ ও ১৮৮ ধারা ভঙ্গ করে ঘর উত্তোলনের চেষ্টা কালে উভয়পক্ষের সংঘর্ষে ৭ জন আহতের ঘটনা ঘটেছে। এ ঘটানায় উভয়পক্ষের ৯জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম এ ঘটনা ঘটে।

জানা যায়, কুচিয়াগ্রাম বটতলা বাজারে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে ওই এলাকার মোমিনুর রহমান গ্রুপ ও উজ্জ্বল শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরপর মোমিনুর রহমান ওই জায়গায় আদালতের শরণাপন্ন হয়ে ১৪৪ ও ১৮৮ ধারা জারি করেন। কিন্তু আদালতের আদেশকে অমান্য করে উজ্জ্বল শেখ গ্রুপের লোকজন সোমবার সকালে ওই জায়গায় ঘর উত্তোলনের চেষ্টা করে। এতে মোমিনুর রহমান গ্রুপ বাঁধা দিতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

এ বিষয়ে মোমিনুর রহমান বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উজ্জ্বল গ্রুপের লোকজন আমাদের জায়গা দখল করতে আসে। এতে আমরা বাঁধা দিলে আমাদের দলের ৭ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে।’

এ বিষয়ে উজ্জ্বল শেখ বলেন,’বটতলা বাজারের ঐ জমিটি আমাদের। তাই আমাদের জায়গাতে ঘর তুলতে গেলে মোমিনুর গ্রুপ আমাদের বাঁধা দেয়।’

এদিকে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে উভয়পক্ষের ৯ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৬০এর ১৪৭ ধারায় ৭ জনকে বিশ দিনের কারাদণ্ড ও দুই জনকে দশ হাজার টাকা করে জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগের সূত্র ধরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর