পদবি ও গ্রেড উন্নীতকরণের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তারা উপজেলা পরিষদের হলরুমের সামনে অবস্থান করে বাকাসস এর স্থানীয় নেতারা কর্মবিরতি পালন করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শেখ মো. মোস্তফা কামাল, উচ্চমান সহকারী দেবেশ চন্দ্র দাস, রফিকুল আলম সেলিম, অফিস সহকারী জামাল হোসাইন, মো. উকিল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রধান সহকারী যোগেশ চন্দ্র বিশ্বাস, মো. লুৎফর রহমান, সেলিমুজ্জামান খান প্রমুখ।
এ সময় বাকাসস এর স্থানীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা এই দাবিতে আন্দোলন করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাদের দাবির বিষয়ে ১৯/৬/২০১১ তারিখে পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিয়েছেন। কিন্তু অনুমোদন দিলেও আজ পর্যন্ত দাবি বাস্তবায়ন হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করবেন তারা। এরপরও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
বার্তাবাজার/অমি