গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় নির্মিত হচ্ছে ভূমি ও গৃহহীনদের জন্য ‘স্বপ্ন নীড়’। জেলায় একযোগে চলছে ১ হাজার ৪৭০ টি ঘরের নির্মাণ কাজ।
প্রতিটি ভূমিহীন ও ঘরহীন পরিবারের জন্য থাকছে দ্বি’কক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ ঘর। আগামী ডিসেস্বরের মধ্যে নির্মান কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামে নির্মানাধীন ঘরসমূহ পরিদর্শনে এসে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিদর্শনের আগে তিনি ভূমি ও গৃহহীনদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মান কাজ চলছে। ফরিদপুর জেলার ৯ টি উপজেলায় এ নির্মান কাজ শুরু হয়েছে বেশ আগেই। ইতিমধ্যে কাজের অগ্রগতি হয়েছে। জেলার মোট ১ হাজার ৪৭০ টি ঘর নির্মান করা হচ্ছে।
এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ২৯২টি, আলফাডাঙ্গা উপজেলায় ২২০টি, বোয়ালমারী উপজেলায় ৯২টি, মধুখালী উপজেলায় ১৪৮টি, নগরকান্দা উপজেলায় ১০৫টি, সালথা উপজেলায় ৩৫টি, ভাঙ্গা উপজেলায় ২৫০টি, সদরপুর উপজেলায় ১৭৮টি ও চরভদ্রাসন উপজেলায় ১৫০টি ঘর নির্মাণ করা হচ্ছে।
প্রতিটি ঘর একটি করে পরিবারকে প্রদান করা হবে। শুধু ঘর নয়, ঘরের সাথে সাথে প্রতিটি পরিবারকে ২শতাংশ করে জমিও দেয়া হচ্ছে।
বার্তাবাজার/অমি