গাজীপুর সদরে একটি স্কুলে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে তিনটি কক্ষ। এসময় অফিস কক্ষে থাকা বিভিন্ন আসবাব ও কাগজপত্রও পুড়ে যায়। গতকাল (রোববার) রাতে উপজেলার বানিয়ারচালা এলাকার জলপাইতলা মডেল স্কুলে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আকবর আলী পলান জানান, ২০১৫ সালে স্থাপিত বিদ্যালয়টিতে সাড়ে তিনশ জনের মত শিক্ষার্থী পড়াশোনা করতো। মহামারী করনায় সেটা প্রায় আট মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে। গতরাতে স্থানীয়দের ডাক চিৎকারে ঘুম থেকে জেগে গিয়ে দেখি আগুনে দাউ দাউ করে পুড়ছে বিদ্যালয় ভবনটি।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী মিলে আগুন নেভাতে সক্ষম হয়। আমার ধারণা পুর্ব শত্রুতার জেরে কেউ এই ঘটনা ঘটাতে পারে।
আজ (সোমবার) সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মিয়া রাজ উদ্দিন জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
বার্তাবাজার/এসজে